বিপ্লব চট্টোপাধ্যায়ঃ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে নতুন করে শুরু হল রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। ইংরেজিতে ‘West Bengal’ এবং বাংলায় ‘পশ্চিমবঙ্গ’—দুটি আলাদা নামের পরিবর্তে এবার সব ভাষাতেই রাজ্যের নাম ‘Paschim Banga’ রাখার প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার।

২৩ নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, মন্ত্রিসভার অনুমোদন মানেই রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে বদলে যাওয়া নয়। প্রস্তাবটি এখনও চূড়ান্ত আইনি অনুমোদনের অপেক্ষায়। 

কেন এই নাম পরিবর্তনের উদ্যোগ?

১৯৪৭ সালের দেশভাগের পর অবিভক্ত বাংলা ভাগ হয়ে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখেই বর্তমান রাজ্যের নাম ‘Paschim Banga’ রাখার পক্ষে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারের প্রস্তাব অনুযায়ী, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই একই নাম ব্যবহার করা হবে। অর্থাৎ ইংরেজি নথিতেও আর ‘West Bengal’ নয়, লেখা হবে ‘Paschim Banga’। 

আইনি প্রক্রিয়ায় কী কী করতে হবে?

ভারতীয় সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনও রাজ্যের নাম পরিবর্তনের চূড়ান্ত ক্ষমতা সংসদের হাতে।

প্রক্রিয়াটি হল:

  • রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ ও 
  • অনুমোদন।প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো।
  • রাষ্ট্রপতির সুপারিশক্রমে সংসদে প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রক্রিয়া।
  • সংসদে আইন গৃহীত ও কার্যকর হওয়ার পরই নতুন নাম সরকারি ভাবে স্বীকৃতি পাবে।

অর্থাৎ ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পাস হলেও সেদিন থেকেই রাজ্যের নাম বদলে যাচ্ছে না।