বিপ্লব চট্টোপাধ্যায়ঃ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের অস্থিরতার আবহে এবার উত্তপ্ত সিন্ধু। স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবিতে সরব হাজার হাজার মানুষ। করাচির রাজপথে উঠল পাকিস্তানবিরোধী স্লোগান। প্রশ্ন উঠছে, এবার কি ভাঙনের নতুন সমীকরণের মুখে পাকিস্তান?
পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করল সিন্ধু প্রদেশ। গত ২২ নভেম্বর, রবিবার করাচিতে হাজার হাজার মানুষকে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিন্ধি জাতীয়তাবাদী সংগঠনগুলির জোট ‘জিয়ে সিন্ধ রহবার কমিটি’ (JSRC)। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের পরনে ছিল সিন্ধুর ঐতিহ্যবাহী আজরাক স্কার্ফ ও টুপি। তাঁদের দাবি, কোনওভাবেই সিন্ধুর ঐতিহাসিক পরিচয় ও ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করা চলবে না। বিক্ষোভে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবিও নতুন করে সামনে এসেছে।
কিন্তু হঠাৎ কেন এই বিক্ষোভ?
আসলে পাকিস্তানের চারটি প্রধান প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে ভেঙে আরও ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ তৈরির প্রস্তাব ঘিরেই বিতর্কের সূত্রপাত। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি এবং পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নতুন প্রশাসনিক কাঠামোর পক্ষে বক্তব্য রেখেছেন। ১২ থেকে ১৫টি প্রদেশ তৈরির সম্ভাবনাও আলোচনায় এসেছে।
এই প্রস্তাবের সঙ্গে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম জড়ালেও, তাঁর অনুমোদিত কোনও চূড়ান্ত পরিকল্পনা বা সরকারি মানচিত্র এখনও প্রকাশ্যে আসেনি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রদেশ তৈরির বিষয়ে রাজনৈতিক ঐকমত্য এবং সাংবিধানিক প্রক্রিয়া এখনও বড় বাধা।
সিন্ধুতে এই প্রস্তাবের বিরোধিতা সবচেয়ে বেশি। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসনিক পুনর্গঠনের নামে সিন্ধুর ঐতিহাসিক পরিচয় এবং রাজনৈতিক ক্ষমতা খর্ব করার চেষ্টা চলছে। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, সিন্ধুর এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।
এমনকী পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন সিন্ধি জাতীয়তাবাদী নেতারা। আগামী ২৯ নভেম্বর আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘিরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে নতুন প্রদেশ তৈরির সমর্থনে পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (MQM-P)।
এখানেই শেষ নয়। পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদ, সশস্ত্র সংঘাত এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক দাবিতে বিক্ষোভ হয়েছে।
ফলে প্রশ্ন উঠছে, চারটি প্রদেশকে ভেঙে ছোট ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার উদ্যোগ কি সত্যিই প্রশাসনিক সুবিধার জন্য, নাকি এর ফলে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে?
যে পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলে সমালোচিত, সেই পাকিস্তানের অন্দরেই এখন প্রাদেশিক স্বায়ত্তশাসন, জাতিগত পরিচয় এবং স্বাধীনতার দাবি নতুন করে আলোচনায়।
সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তানের মানচিত্র কি এবার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনেই বদলে যাওয়ার পথে? নাকি প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাব ঘিরে আরও বড় সংঘাতের সূচনা হচ্ছে?