কলকাতাঃ সিনেমা হলে ছবি দেখতে দেখতে পপকর্ন কিংবা পছন্দের খাবারে কামড় বসানো দর্শকদের কাছে পরিচিত অভ্যাস। কিন্তু এবার 'রামায়ণ' ছবিকে ঘিরে দর্শকদের জন্য আসছে এক বিশেষ নিয়ম। ছবির প্রদর্শনী চলাকালীন প্রেক্ষাগৃহের অডিটোরিয়ামের ভিতরে কোনও আমিষ খাবার পরিবেশন করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে SVF Cinemas।
নতুন এই নিয়ম অনুযায়ী, চিকেন, মাছ, মাংস-সহ কোনও ধরনের আমিষ খাবার অডিটোরিয়ামের ভিতরে নিয়ে যাওয়া বা পরিবেশন করা যাবে না। পরিবর্তে দর্শকদের জন্য থাকবে নিরামিষ খাবারের ব্যবস্থা। তবে আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না। প্রেক্ষাগৃহের বাইরের ফুড কাউন্টার থেকে দর্শকরা আগের মতোই আমিষ খাবার কিনতে পারবেন।
জানা গিয়েছে, এই বিশেষ ব্যবস্থা শুধুমাত্র 'রামায়ণ' ছবির প্রদর্শনীর ক্ষেত্রেই কার্যকর থাকবে। অন্য সিনেমার প্রদর্শনীর সময় খাবারের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
কেন এমন সিদ্ধান্ত? SVF Cinemas-এর এই উদ্যোগের পিছনে রয়েছে রামায়ণের ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ এবং দর্শকদের ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান জানানোর ভাবনা।
তবে এই সিদ্ধান্ত ঘিরে দর্শকদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেটাই দেখার। সিনেমা হলের খাবারের অভ্যাসে এই বিশেষ নিয়ম কি নতুন কোনও বিতর্কের জন্ম দেবে, নাকি দর্শকরা স্বাগত জানাবেন এই উদ্যোগকে?