বাংলাদেশঃ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসেই দেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী। তাঁর এই ঘোষণার পরই কড়া অবস্থান জানাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঢাকার স্পষ্ট বার্তা, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে বন্দি হিসেবেই ফিরতে হবে। এমনকি হাতকড়া পরিয়ে কঠোর নজরদারিতে তাঁকে দেশে আনার কথাও জানানো হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার, ২৪ নভেম্বর শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, আগামী ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এ জন্য বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাঁর যাতায়াতের ব্যবস্থা করার জন্য ঢাকার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

হাসিনার মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ সরকারের বিমানে করেই শেখ হাসিনা ভারতে এসেছিলেন। তাই এবার তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও বাংলাদেশের সরকারের। তাঁর দাবি, সাংবিধানিক প্রক্রিয়া মেনে নয়, অন্যায়ভাবে তাঁকে দেশছাড়া করা হয়েছিল। তাই বিজয় দিবসেই তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক বিষয় নয়। তাঁর কথায়, দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরিয়ে বন্দি হিসেবেই ফিরতে হবে এবং কঠোর নজরদারিতে রাখা হবে।

অন্যদিকে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে নতুন করে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। বাংলাদেশের কোনও দূতাবাসে গেলেও শেখ হাসিনাকে গ্রেফতার করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে আলাদা করে আলোচনার প্রয়োজন নেই। প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হবে ভারতের সরকারের সঙ্গে।

ঢাকার বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। তবে তাঁকে দেশে ফেরানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনও বিশেষ বিমানের ব্যবস্থা করতে দিল্লির সঙ্গে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের সঙ্গে যুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দেয়।

তবে শেখ হাসিনা ওই রায় প্রত্যাখ্যান করেছেন এবং দেশে ফিরলে আইনি লড়াই চালানোর কথা জানিয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি আইনজীবী মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, দেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়েও উদ্বেগ বাড়ছে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলির ৭২টি ঝটিকা মিছিল, ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারেক সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এই পরিসংখ্যান সরকারি মন্ত্রক ও পুলিশের তথ্যের ভিত্তিতে তৈরি বলে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একদিকে দেশে ফেরার বিষয়ে অনড় অবস্থান জানাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, অন্যদিকে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে বন্দি অবস্থায় ফিরিয়ে আনার কথা বলছে বর্তমান সরকার। এখন নজর ভারতের অবস্থান, বাংলাদেশের আইনি প্রক্রিয়া এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির দিকে।