নিজস্ব সংবাদদাতাঃ পুজোর পর ফেলে দেওয়া ফুল এবার আর পরিবেশ দূষণের কারণ হবে না। বরং সেই ফুলকেই কাজে লাগিয়ে ধূপকাঠি ও আবির তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। গৃহস্থের ঠাকুরঘর থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে পুজোর পর জমে থাকা ফুল সংগ্রহ করে সেগুলি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ ও জলদূষণ রোধ করা সম্ভব হবে, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে।
২২ নভেম্বর, ২০২৬-এ দুর্গাপুর নগর নিগমে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের পুজোর পর বাড়িতে জমে থাকা ফুল নির্দিষ্ট একটি প্যাকেটে আলাদা করে রাখতে হবে। সেগুলি যাতে ড্রেন বা জলাশয়ে ফেলা না হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। সপ্তাহে একদিন পুরসভার বিশেষ গাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে সেই ফুল সংগ্রহ করবে।
মানুষের সুবিধার কথা মাথায় রেখে সংগ্রহের গাড়িটিকেও বিশেষভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। গাড়িতে থাকবে ঠাকুরের ছবি এবং বাজানো হবে ভক্তিগীতি। ফলে গাড়িটি এলাকায় পৌঁছলে সহজেই তা চিনতে পারবেন বাসিন্দারা। পাশাপাশি, সপ্তাহের কোন দিন সংশ্লিষ্ট এলাকায় ফুল সংগ্রহ করা হবে, তা আগাম জানিয়ে দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের।
সংগৃহীত ফুলগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে ধূপকাঠি ও আবির তৈরি করা হবে। এই কাজের দায়িত্বে থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ফলে পুজোয় ব্যবহৃত ফুলের যথাযথ পুনর্ব্যবহারের পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে আসানসোল ও বার্নপুর এলাকায়। সেখানকার কল্যাণেশ্বরী ও ঘাঘর বুড়ি মন্দির-সহ বিভিন্ন মন্দির থেকে ফুল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মা মন্দির-সহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানেও এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে একটি গণমাধ্যমেও তা প্রকাশিত হয়েছে।
পুজোর ফুলকে বর্জ্য হিসেবে না দেখে সম্পদে পরিণত করার এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
