সম্পাদকের কথা

বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা’। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি ভাইরাল ভিডিওকে ঘিরে সেই প্রবাদের কথাই নতুন করে মনে পড়ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে এক বিজিবি সদস্যের কাঁধে রাইফেল রেখে অন্য এক সদস্য কোনও লক্ষ্যবস্তুর দিকে গুলি চালাচ্ছেন। দাবি করা হচ্ছে, ত্রিপুরা সীমান্তে টহল দেওয়ার সময় আকাশে কয়েকটি ড্রোনসদৃশ বস্তু দেখতে পান বিজিবি সদস্যরা। এরপর সেগুলিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

প্রশ্ন উঠছে, আধুনিক প্রযুক্তির এই যুগে ড্রোন মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা কতটা রয়েছে তাদের হাতে? ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার কিংবা অ্যান্টি-ড্রোন প্রযুক্তির মতো বিকল্প থাকা সত্ত্বেও কেন এমন ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নেওয়া হলো?

তার থেকেও বড় প্রশ্ন, একজনের কাঁধে অস্ত্র রেখে অন্যজনের গুলি চালানোর এই কৌশল কতটা নিরাপদ? সামান্য অসতর্কতাতেই ওই অস্ত্রধারী সদস্যের গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত।

বিশ্বের বিভিন্ন দেশ যখন ড্রোন প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে, তখন এই ভিডিও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন সামনে এনে দিয়েছে।

অবশ্য একটি ভাইরাল ভিডিও দেখে গোটা বাহিনীর সামরিক সক্ষমতা বিচার করা যায় না। কিন্তু ঘটনাটি যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।

কারণ সীমান্তরক্ষা শুধু অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রশিক্ষণ, প্রযুক্তি, কৌশল এবং সর্বোপরি দায়িত্বশীলতা।

যে দেশ আধুনিক সামরিক সক্ষমতার কথা বলে, তাদের কাছে প্রশ্ন—সীমান্তে ড্রোন মোকাবিলার প্রস্তুতি কি সত্যিই আধুনিক, নাকি এখনও নির্ভর করতে হচ্ছে পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার কৌশলে?