রাজ কুমার মুখার্জীঃ মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন, বেতন কাঠামো এবং পেনশনের দাবী দাবার কথা।  নির্দিষ্ট পে-কমিশন আছে যার সুপারিশ মেনে, ডিএ বা অন্যান্য ভাতাও প্রদান করা হয়।

এসব দেখলে মনে একটা প্রশ্ন জাগে, যাঁরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইত্যাদির কর্মী নন,  অর্থাৎ বেসরকারি সংস্থায় দৈনিক কমবেশি নয় থেকে দশ ঘন্টা কাজ করে চলেছেন,  তাদের জন্য সরকারের ভাবনা কি? তারা কি এদেশের নাগরিক নয়? 

পাঁচ বছর মেয়াদে যদি বিধানসভা, লোকসভা, রাজ্যসভার, নিদেনপক্ষে কাউন্সিলর হওয়া যায়,তার একটা নির্দিষ্ট বেতন এবং মেয়াদ শেষে পেনশন আছে। (বেতনের অংক খুব একটা কম নয়) আরো মজার, যদি কোন ব্যক্তি বিধানসভা এবং পরবর্তীকালে লোকসভার সদস্য হন তবে তিনি দু'দফায় পেনশন পাবেন, একটি লোকসভার জন্য অপরটি বিধানসভার জন্য। প্রতিটি পর্যায় ও পদের জন্য আলাদা আলাদা পেনশন।  আপনি যদি করণিক থেকে আধিকারিক হ'ন, আপনার বেতন বৃদ্ধি হবে কিন্তু দুটি পদের জন্য আলাদা আলাদা পেনশন হবে না।  কিন্তু আইনসভার সদস্যদের ক্ষেত্রে সেটা খাটে না।  কি অবাক করা ব্যবস্থা।   আপনি আমি হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ করে লড়াই করছি আর তারা নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছেন।

যারা আইনসভায় বসে দেশের এবং জনগণের কথা ভাবেন তা ভাবছেন, তাঁরা আগে নিজেদের ভবিষ্যৎ কে সুনিশ্চিত করছেন। সকলেই নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, তারাও করবেন এতে অসুবিধে কোথায়?কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। 

অনিয়ন্ত্রিত সংস্থা অর্থাৎ ইঁটভাটা, ছোট কারখানা, দোকান, ছোট ও মাঝারি রেস্তোরাঁ কর্মী - এইরকম অজস্র সংস্থা আছে যেখানে মাস মাইনে ৮/১০/১২ হাজারের মধ্যে ঘোরাফেরা করে। (আমি যে অঞ্চলে থাকি,বেহালা সখের বাজার, কিছুদিন আগে সেই অঞ্চলের একটি দোকানের বাইরে একটি কাগজ সাঁটা ছিল যেখানে লেখা 'কাজের লোক চাই,মাইনে ৮০০০ টাকা। ওয়ার্কিং আওয়ার্স সকাল আটটা থেকে দুপুর দুটো,বিকেল চারটে থেকে রাত্রি দশটা'। অর্থাৎ ১২ ঘন্টা) সবচাইতে বেশি বারো হাজার টাকা আয় হলে এবং পরিবারের জনসংখ্যা চার ধরলে, মাথাপিছু ৩০০০ টাকা। 

রান্নার গ্যাসের সিলিন্ডার, ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন ঊর্ধ্বগতি তখন এই টাকায় মাস চালানো যে একেবারেই অসম্ভব সেটার জন্য অর্থনীতির অধ্যাপক না হলেও চলে। রাজ্য সরকারের কয়েকটি প্রকল্পের মাধ্যমে হয়তো আরো তিন বা চার হাজার টাকা হাতে আসে, তাহলেও মাসিক আয় হয় ১২ থেকে ১৬ হাজার।  এক্ষেত্রে পরিবারের অর্থ ব্যবস্থাকে ঠেকনা দিয়ে সোজা রাখতে সহধর্মিনীকে রোজগারের পথে নামতে হয়।  স্বল্প আয়ের কারণে গৃহপরিচারিকা রাখা সম্ভব নয়, তাই ঘরের কাজ মিটিয়ে বাড়তি সময়টুকু বিশ্রাম না করেই শাড়ির ফলস-পিকো লাগানো থেকে শুরু করে  আয়া, বাচ্চা রাখার কাজ ইত্যাদি করতে হয়। যেখানে কাজের স্থিরতা বা নিশ্চয়তা নেই। 

ঘর থেকে বেরিয়ে কাজ করা মানে কর্মক্ষেত্রে যাওয়া ও আসার একটা খরচ থেকেই যায়।  এঁরা সঞ্চয় করার চেষ্টা করেন কিন্তু হঠাৎ আসা বিপদ (অসুখ বা প্রাকৃতিক দুর্যোগ), সেই  সঞ্চয়টুকু ছিনিয়ে নিয়ে দেনা বা কর্জের মধ্যে ঠেলে দেয়। অর্থনীতিবিদ প্রফেসর নার্ক্স এর বিখ্যাত তত্ত্ব 'দারিদ্র্যের দুষ্ট চক্র' প্রতিপদে গিলতে থাকে। 

উপরি পাওনা হিসেবে রইল চাকরির চলে যাবার প্রবণতা। অসংগঠিত ক্ষেত্র শুধু নয়, সংগঠিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, অনেকটা 'পদ্ম পাতায় জল' এর মতন। যাঁরা সেলস বা মার্কেটিং এ আছেন তাঁদের বিপদ আরও ভয়ংকর। একটা চালু কথা আছে স্যালারি জাস্টিফিকেশন। তোমার যত মাস মাইনে তার তিনগুণ কোম্পানিকে আয় করিয়ে দিতে হবে প্রতি মাসে, অন্যথায় চাকরি থাকবে না। কিছুদিন আগে একটি ভিডিও সমাজ মাধ্যমে এসে আমাদের চোখ খুলে দিয়েছে।  ক্রমাগত এই চাপ সহ্য করতে না পেরে যৌবন শেষ হওয়ার আগেই  অকাল বার্ধক্য, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক প্রভৃতি রোগ শরীরে বাসা বেঁধে ফেলে। অনেকে আবার এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ছোট সংস্থায় কাজ করা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বলে কিছু থাকে না। অনেক ক্ষেত্রে মালিকের বদান্যতায় মাইনে কখনো পরবর্তী মাসের ১০/১২/১৫ তারিখে হয়। এখানে মালিকের একটা সূক্ষ্ম চালাকি কাজ করে। যদি কোন কর্মচারী কাজ ছেড়ে চলে যায়, তাকে বাকি ১৫ দিনের পয়সা দিতে হবে না।

এবার আসি যাঁদের ষাট উর্দ্ধ  বয়স, বেসরকারি সংস্থায় ২০ বা ২৫ হাজার টাকা মোট শেষ মাইনে নিয়ে অবসর গ্রহণ করেছেন, তাঁদের কথায়। তাঁদের প্রভিডেন্ট ফান্ড বাবদ প্রায় ১০ বা ১২ লক্ষ টাকা এককালীন হাতে আসে যেটা কোন ব্যাংক রাখলে ৭% সুদে মাসিক আয় হয় প্রায় ৬০০০ টাকা। এছাড়া আছে অতি মজার একটি পেনশন। যার ন্যূনতম অংকটি ১০০০ টাকা এবং ঊর্ধ্বতম অংকটি ২২০০ টাকা।  যদি সর্ব্বোচ পেনশন ধরে  নিই, তাহলে মোট আয় দাঁড়ায় (৬০০০+২২০০) ৮২০০ টাকা।  ষাট উর্দ্ধ ব্যক্তির সাধারণতঃ কর্মক্ষমতা থাকে না এবং মাসিক ওষুধের একটা খরচ থেকেই যায় (এক্ষেত্রে বলতে পারি আমার এবং আমার ষাটোর্ধ্ব স্ত্রীর মাসিক ওষুধের খরচ ৭ হাজার টাকার কিছু বেশি) ৮২০০ টাকা থেকে ৭০০০ টাকা বাদ দিলে বাকি থাকে ১২০০ টাকা। যেহেতু দুজনেরই বয়স ষাটের বেশি এবং কর্মক্ষমতা নেই তাই গৃহ পরিচারিকা, রান্নার লোক এদের ওপর ভরসা করা ছাড়া উপায় থাকে না। 

যেটুকু হাতে থাকে তা দিয়ে তিন বেলা খাবার জোটানো মুশকিল। Employees Provident Fund Organisation (EPFO) বছরের পর বছর শ্রম মন্ত্রকের সঙ্গে মিটিং করেন, মন্ত্রী আমলারা আসেন, কথার কচকচি হয় এবং নানারকম অজুহাত দেখিয়ে ন্যূনতম পেনশন (৭৫০০ টাকা/মাস দাবি) দিতে অস্বীকার করেন। অথচ লোকসভা  বা বিধানসভায় নিজেদের মাইনে, ভাতা, পেনশন ইত্যাদি সুবিধা একলাফে দ্বিগুণ করার সময় সরকারপক্ষ বা বিরোধীপক্ষ কেউ কোন আপত্তি তোলেন না এবং সর্বসম্মতিক্রমে দু' মিনিটে পাস হয়ে সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। এক্ষেত্রে কোন বিরোধীতা নেই।

যদিও এই পেনশন কে সরকার Social Security বলে আখ্যা দেন কিন্তু এক হাজার টাকায় কতটা Social Security দেওয়া যায় সেটা ভেবে দেখবার আছে। বিগত দিনে এবং বর্তমানেও আমাদের মতন বৃদ্ধ ব্যক্তিরা পরোক্ষ এবং প্রত্যক্ষ কর দিয়ে এসেছেন।পৃথিবীর প্রথম শ্রেণীর রাষ্ট্রগুলো যখন বৃদ্ধদের সোশ্যাল সিকিউরিটির হাত ধরে বেঁচে থাকার জন্য ঠিকঠাক অর্থের যোগান, চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন, তখন আমরা বিশ্বের তৃতীয় অর্থনীতি বলে গলাবাজি করা রাষ্ট্র কেন সেটা দিতে অক্ষম? এখানে সদিচ্ছার ঘাটতি আছে সেকথা বলে দিতে হয় না। Employees Provident Fund Organisation, যেটা সরকারি কর্মচারীদের জন্য নয়, এর বর্তমান সদস্য সংখ্যা ৭৮ লাখের কিছু বেশি।  

জনগণ মানেই কি শুধু একজন ভোটার? সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে কি রাষ্ট্রদ্রোহী?  হক বুঝে নেওয়া মানে কি অপরাধ? যে রাষ্ট্র গঠনে আমারও একটা অবদান আছে, অর্থনৈতিক এবং সামাজিক, সেই রাষ্ট্র আমার যখন কর্মক্ষমতা থাকবে না তখন আমার পাশে এসে দাঁড়াবে না কেন? 

অষ্টম পে-কমিশন ন্যূনতম বেতন ৬৯ হাজার টাকা সুপারিশ করতেই পারেন, সেই সঙ্গে EPFO পেনশন হোল্ডারদের ন্যূনতম পেনশন কমপক্ষে ১০ হাজার টাকা এবং সত্ত্বর প্রদানের ব্যবস্থা করা উচিত। এই বৈষম্য কেন? 

শ্রম মন্ত্রকের উচিৎ  অসংগঠিত ক্ষেত্রে প্রতিটি কর্মচারীর সঠিক বেতন,  চাকরির নিরাপত্তা, চিকিৎসা, অবসরকালীন ভাতা ইত্যাদি সুনিশ্চিত করা। দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় স্থানে না দশম স্থানে সেটা কাগজে-কলমে না কার্যক্ষেত্রে, সেটাও ভাবার দরকার। জনগণ মানেই ভোটার নয়, প্রজাকে যিনি ভালো রাখেন বা রাখতে চান, তিনি শ্রেষ্ঠ রাজা।

যদি আমাদের মতন হতভাগ্য বৃদ্ধদের ভালো না রাখা যায়, তবে রাষ্ট্র আমাদের তিলে তিলে নয় একবারে মেরে ফেলুক সেটাই বোঝায় সবচাইতে সহজ সমাধান।