Bong 24 ডেস্কঃ পশ্চিমবঙ্গের আসানসোলে ফের পুলিশের সঙ্গে অভিযুক্তের গুলির লড়াইয়ের ঘটনা সামনে এল। হিরাপুর থানার ইসমাইল এলাকায় অভিযুক্ত প্রতাপ দাসকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাঁকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই হিরাপুরের বিভিন্ন এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং হিরাপুর থানার পুলিশ। খবর পেয়ে ইসমাইল এলাকার একটি বাড়িতে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, প্রতাপ পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

প্রতাপ দাসের বিরুদ্ধে সাইবার প্রতারণা, খুন, ডাকাতি-সহ একাধিক অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় আসানসোল শিল্পাঞ্চলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।