বিপ্লব চট্টোপাধ্যায়ঃ একটা ডাম্পারের বেপরোয়া গতি কেড়ে নিল আরও একটি প্রাণ! বাজার সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন এলাকার পরিচিত ও জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসক সুকুমার দাস। কিন্তু বাড়ি আর ফেরা হল না তাঁর। কল্যাণী এক্সপ্রেসওয়ের শ্রীদুর্গা পল্লী সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় বাজার করে সাইকেলে বাড়ি ফিরছিলেন সুকুমার দাস। শ্রীদুর্গা পল্লীর কাছে ডাম্পারটি তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকার পরিচিত চিকিৎসকের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। মুহূর্তের মধ্যে শোক পরিণত হয় ক্ষোভে। মৃতদেহ আটকে রেখে রাস্তার উপরেই শুরু হয় বিক্ষোভ ও পথ অবরোধ।

রাস্তার বেহাল দশা, বেপরোয়া ডাম্পার—ক্ষোভ বাসিন্দাদের। দুর্ঘটনার পরেই এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল। তার উপর প্রতিদিন বড় বড় লরি ও ডাম্পারের বেপরোয়া যাতায়াত। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তায় দিনের একটা বড় সময় ট্রাফিক পুলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকে না বলে অভিযোগ।

স্থানীয়দের আরও দাবি, একটি সেতু চালু থাকলেও অন্য একটি সেতু বন্ধ থাকার কারণে যান চলাচলের চাপ বেড়েছে। ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী, নিত্যযাত্রী—প্রত্যেককেই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে।

গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকে না কেন?

পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পরিকল্পনা কী?

একটি প্রাণ চলে যাওয়ার পরেই কি কেবল প্রশাসনের নজর পড়বে? নাকি দুর্ঘটনার আগেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা হবে?

কল্যাণী রোডের এই মর্মান্তিক ঘটনা আবারও সামনে এনে দিল পথ নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির প্রশ্ন।