বাংলাদেশঃ ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় ভারত বাঙালিদের সহায়তা করার উদ্দেশ্যে নয়, বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্য নিয়েই কাজ করেছিল। ২৬ নভেম্বর বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে।
বর্তমানে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। সফরকালে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সংসদীয় সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এই সফরে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর বক্তব্য, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।
অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সংসদীয় যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা, অর্থনীতি এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা ও উভয় দেশের স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
জারদারি জানান, কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিবেচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার আশাও প্রকাশ করেন তিনি।
শিক্ষাক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির কথা উল্লেখ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ইতিমধ্যে ১৭০ জন শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া সরাসরি বিমান যোগাযোগ, সমুদ্রপথে বাণিজ্য, শিল্পে বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের চিনিকল সংস্কারে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে পাকিস্তান।
তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকারের মন্তব্যই এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। ঐতিহাসিকভাবে সংবেদনশীল এই বক্তব্য ঘিরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেদিকেই নজর।
তথ্যসুত্রঃ Times Today, Bangladesh