বিপ্লব চট্টোপাধ্যায়ঃ গঙ্গাসাগর মেলাকে ঘিরে এবার একাধিক নতুন উদ্যোগ রাজ্য সরকারের। পরিবেশবান্ধব মেলা গড়ে তুলতে প্রথমবারের জন্য হোগলা পাতা ও প্লাস্টিকের ব্যবহার ছাড়াই মেলা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের থাকার জন্য হোগলা পাতার অস্থায়ী ছাউনির পরিবর্তে তৈরি করা হবে আধুনিক তাঁবু। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
পুণ্যার্থীদের পানীয় জলের জন্য বসানো হবে বিশেষ ওয়াটার এটিএম। সেখান থেকে বিনামূল্যে জল সংগ্রহ করতে পারবেন তাঁরা। পাশাপাশি থাকবে পানীয় জলের কাপ ও গ্লাস। তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের আধিকারিকদের উপস্থিতিতে কীর্তনের আয়োজন করা হবে।
এবার ঘাটগুলির পরিকাঠামো উন্নয়নেও বিশেষ নজর প্রশাসনের। কাদা ও নোংরা জমে যাতে পুণ্যার্থীদের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই ঘাটগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে।
তবে এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুণ্যার্থীদের বিপুল সমাগম। মুখ্যসচিবের অনুমান, অন্যান্য বছর যেখানে ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতি থাকে, সেখানে এবার সেই সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬০ হাজারে পৌঁছতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পরিবহণ ও নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
যাতায়াতের জন্য থাকছে ২০টি বড় বার্জ। প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি যাত্রী পারাপারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছতে হেলিকপ্টার পরিষেবাও চালু রাখার পরিকল্পনা রয়েছে। বেহালা ও কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।
একদিকে পরিবেশবান্ধব মেলা, অন্যদিকে আধুনিক পরিকাঠামো ও উন্নত যাতায়াত ব্যবস্থা। গঙ্গাসাগর মেলাকে নতুন রূপ দেওয়ার প্রস্তুতি রাজ্য সরকারের। তবে এই বিপুল আয়োজন বাস্তবে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।